বাগদায় প্রচারে বেরিয়ে ধান শুকালেন মধুপর্ণা, এখনও প্রার্থীহীন গেরুয়া শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বাগদা বিধানসভা কেন্দ্রের অলিগলিতে জোরকদমে প্রচার শুরু করেছেন মধুপর্ণা ঠাকুর। ‘বহিরাগত’ তকমা ঘুচিয়ে সাধারণ মানুষের মনের নাগাল পেতে মরিয়া তিনি। শনিবার বাগদার রণঘাট এলাকায় জনসংযোগ চলাকালীন স্থানীয় মহিলাদের সঙ্গে উঠোনে পা দিয়ে ধান শুকাতে দেখা যায় তাঁকে। গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে মধুপর্ণা দাবি করেন, ভোটের আগে থেকেই তিনি এলাকার মানুষের পাশে রয়েছেন।
এদিন রণঘাট ছাড়াও ডহরপোতা ও কুলিয়া-সহ একাধিক এলাকায় নিবিড় জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। প্রচারের ফাঁকে বিজেপিকে বিঁধে তিনি বলেন, গোষ্ঠীকোন্দলে জেরবার গেরুয়া শিবিরের বাগদায় কোনো ভিত্তি নেই, তাই তারা এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। অন্যদিকে, বনগাঁ উত্তর ও গাইঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও এদিন বুথ ভিত্তিক সভা এবং বনভোজনে অংশ নিয়ে নিজেদের নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে রেখেছেন।
বনগাঁ মহকুমার অন্যান্য প্রান্তেও তৃণমূল প্রার্থীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা সারেন এবং গাইঘাটার নরোত্তম বিশ্বাস স্থানীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরে জনসংযোগ করেন। পাশাপাশি সকাল থেকেই বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। বিরোধীরা পিছিয়ে থাকলেও শাসক শিবির প্রচারে কোনো খামতি রাখতে নারাজ।

