বাড়ল রান্নার গ্যাসের দাম, কমছে উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যাও! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দামের মাঝেই সাধারণ মানুষের পকেটে নতুন টান। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে দিল কেন্দ্র। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই প্রকল্পের গ্রাহকেরা বছরে মাত্র ৪টি সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। এর আগে বছরে মোট ৯টি সিলিন্ডারে এই সুবিধা দেওয়া হতো।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে বড়সড় পরিবর্তনের মুখে পড়লেন দেশের দরিদ্র সীমার নিচে থাকা কোটি কোটি গ্রাহক। এর আগে প্রথম দফায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা ১২টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছিল। এবার তা আরও কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হলো। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে এই ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
ব্যবহারের গড় খতিয়ান
ভর্তুকির সংখ্যা কমানোর সপক্ষে যুক্তি দিয়ে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজা জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গড় বার্ষিক ব্যবহারের খতিয়ান পর্যালোচনা করেই এই সংশোধন করা হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলি বছরে গড়ে ৪টি সিলিন্ডারই ব্যবহার করেন। সেই হিসাবকে মাথায় রেখেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। ২০১৬ সালের মে মাসে দেশের দরিদ্র পরিবারের মহিলাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং দূষণমুক্ত রান্নার গ্যাসের সুবিধা দিতে এই প্রকল্প চালু করেছিল মোদী সরকার।
পকেটে বাড়তি টান
গত ৭ জুন দেশজুড়ে এক ধাক্কায় ২৯ টাকা বেড়েছে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে গত মার্চ মাসেও ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল। নতুন মূল্যবৃদ্ধির পর বর্তমানে দিল্লিতে একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৯৪২ টাকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের নতুন সিদ্ধান্তের ফলে উজ্জ্বলা গ্রাহকেরা বছরের প্রথম ৪টি সিলিন্ডার ৩০০ টাকা ভর্তুকি সমেত ৬৪২ টাকায় কিনতে পারবেন। তবে বছরের পঞ্চম সিলিন্ডার থেকে তাঁদের আর কোনো ছাড় মিলবে না, সম্পূর্ণ বাজার মূল্য দিয়েই গ্যাস কিনতে হবে। স্বাভাবিকভাবেই, এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
