লেটেস্ট নিউজ

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বৃদ্ধি: রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী ২৩ মার্চ থেকে কার্যকর হওয়া এই নির্দেশিকায় বর্তমান বরাদ্দের ওপর অতিরিক্ত ২০ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে, যার ফলে মোট সরবরাহ প্রাক-সংকট সময়ের ৫০ শতাংশে পৌঁছাবে।

নতুন এই নির্দেশিকায় বাড়তি এলপিজি বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। রেস্তরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের পাশাপাশি দুগ্ধশিল্প ও সরকারি ভর্তুকিযুক্ত আউটলেটগুলো এই সুবিধা পাবে। এ ছাড়া পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজির ছোট সিলিন্ডার (FTL) সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দের এই অগ্রাধিকার তালিকায় যাতে কোনো বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে মন্ত্রক।

গৃহস্থালি, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার সাফল্যের পরই বাণিজ্যিক ক্ষেত্রে এই পদক্ষেপ নিল মোদী সরকার। ডিলারদের পাঠানো তালিকার ভিত্তিতেই তেল সংস্থাগুলি এই নতুন বণ্টন কাঠামো তৈরি করেছে। যদিও বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বর্ধিত বরাদ্দ বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *