লেটেস্ট নিউজ

বাণিজ্যিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ: ভারতসহ ১৬ দেশের ওপর অতিরিক্ত শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতসহ ১৬টি দেশের বিরুদ্ধে বাণিজ্যিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন বাণিজ্য দপ্তরের আধিকারিক জেমিসন গ্রির জানান, অভিযুক্ত দেশগুলোর বিরুদ্ধে মার্কিন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ। মূলত অভ্যন্তরীণ উৎপাদন অস্বাভাবিক বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হোয়াইট হাউস।

মার্কিন প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো চাহিদা ও জোগানের আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট করে আসাম বাণিজ্যে লিপ্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়মবহির্ভূত বাণিজ্য বন্ধ করতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তালিকাভুক্ত দেশগুলোর ওপর বিশাল অঙ্কের বাণিজ্যিক শুল্ক চাপানো হতে পারে। জেমিসন গ্রির স্পষ্ট করেছেন যে, ট্রাম্প প্রশাসন মার্কিন স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না এবং প্রয়োজনে আরও ৬০টি দেশের বিরুদ্ধে একই ধরনের তদন্ত চালানো হতে পারে।

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং ইরান যুদ্ধের আবহে আমেরিকার এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টালামাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাড়তি শুল্কের হুমকি আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে জটিলতা বাড়াবে। বিভিন্ন দেশের সাথে আমেরিকার কৌশলগত মিত্রতা থাকলেও, বাণিজ্যিক দ্বন্দ্বে ট্রাম্পের এই কড়া অবস্থান বিশ্ববাজারে ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *