বাতাসে বিষের রাজত্ব! বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে যোগীরাজ্যের লোনি – এবেলা
এবেলা ডেস্কঃ
সুইজারল্যান্ডের সংস্থা ‘আইকিউএয়ার’-এর প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, ২০২৫’ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। উদ্বেগজনকভাবে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে উত্তরপ্রদেশের লোনি। এই তালিকায় ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ স্থানে। ১৪৩টি দেশের ৯ হাজারেরও বেশি শহরের বাতাসের গুণমান পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সংস্থাটি।
রিপোর্টে জানানো হয়েছে, লোনির বাতাসে ক্ষতিকারক সূক্ষ্ম ভাসমান ধূলিকণার (পিএম ২.৫) পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ২২ গুণ বেশি। ভারতের পাঁচটি শহর বিশ্বের শীর্ষ দশটি দূষিত শহরের তালিকায় স্থান করে নিয়েছে। লোনির গড় পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১১২.৫ গ্রাম, যা জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগজনক। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, যার পরেই বাংলাদেশ ও তাজিকিস্তানের অবস্থান।
বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি নিয়ে সতর্ক করেছে এই গবেষণা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাত্র ১৪ শতাংশ দেশে বাতাসের মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড মেনে চলছে। এশিয়ায় দূষণ বৃদ্ধির পাশাপাশি ইউরোপেও দাবানলের কারণে বাতাসের গুণমান খারাপ হয়েছে। বর্তমানে ভারতের বাতাসে পিএম ২.৫-এর মাত্রা হু-এর বেঁধে দেওয়া প্রতি ঘনমিটারে ৫ গ্রামের সীমার চেয়ে কয়েক গুণ বেশি রেকর্ড করা হয়েছে।

