বাদ পড়া ভোটারদের অনলাইন আবেদনের সুযোগ দিল কমিশন: ট্রাইব্যুনাল নিয়ে কাটেনি ধোঁয়াশা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিচারাধীন ভোটারদের তিনটি অতিরিক্ত তালিকা প্রকাশের পর অবশেষে ট্রাইব্যুনালে অনলাইন আবেদনের পোর্টাল চালু করল নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশে গত ২১ মার্চ রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলেও আবেদন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য নির্দিষ্ট অপশন যুক্ত করেছে, যার মাধ্যমে বাদ পড়া ব্যক্তিরা এখন থেকে ঘরে বসেই আপিল করতে পারবেন।
আবেদনকারীকে প্রথমে কমিশনের পোর্টালে মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে লগ-ইন করতে হবে। এরপর এপিক নম্বর দিয়ে সার্চ করে নির্দিষ্ট ফর্মে পিন কোডসহ পূর্ণ ঠিকানা, আপিলের কারণ এবং দাবির সপক্ষে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। পোর্টালে আবেদনের কারণ সর্বোচ্চ এক হাজার শব্দে এবং প্রত্যাশার কথা ৫০০ শব্দের মধ্যে লিখে সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এর ফলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও অভিযোগ জানানোর পথ প্রশস্ত হলো।
অনলাইন পোর্টাল চালু হলেও ট্রাইব্যুনালের ভৌত কার্যালয় কোথায় অবস্থিত এবং জমা পড়া আবেদনের নিষ্পত্তি কত দিনের মধ্যে হবে, সে বিষয়ে কমিশন এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি। ফলে পদ্ধতিগত স্বচ্ছতার অভাবে আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি বজায় রয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির লড়াইয়ে থাকা সাধারণ মানুষের কাছে ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়ে এখনও অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে।

