বান্ধবীর বিলাসে ৫০ লাখ ছাই! লকার ভেঙে গুজরাতে চম্পট, টেনেহিঁচড়ে পুলিশে দিলেন নিজের বাবাই – এবেলা

এবেলা ডেস্কঃ
আসামের জোরহাটে বাবার লকার ভেঙে প্রায় ৫০ লক্ষ টাকার নগদ ও সোনাদানা চুরি করে চম্পট দিল ২৫ বছর বয়সি যুবক যশ ধনুকা আগরওয়াল। তবে শেষরক্ষা হয়নি; সুদূর গুজরাত থেকে ছেলেকে ধরে এনে সোজাসুজি পুলিশের হাতে তুলে দিয়েছেন খোদ তাঁর বাবা।
ঘটনাটি ঘটে গত ১১ আগস্ট। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে লকার সাফ করে দেয় যশ। চুরির ধরন দেখে পুলিশের প্রথম থেকেই পরিবারের কারও ওপর সন্দেহ ছিল। পরবর্তীতে যশের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, সে গুজরাতের আহমেদাবাদে লুকিয়ে রয়েছে। খবর পাওয়ামাত্রই যশের বাবা নিজে সেখানে ছুটে যান এবং ছেলেকে পাকড়াও করে জোরহাটে ফিরিয়ে এনে পুলিশের হাতে সোপর্দ করেন।
আদালতে পেশ করার সময় যশ সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেয়। সে জানায়, তালা ভাঙার মিস্ত্রি ডেকে এই চুরি করা হয়েছিল এবং এতে তার দুই বন্ধু—রোহিত প্রসাদ ও জিতু সোমানিও জড়িত ছিল। চুরির বিশাল অঙ্কের টাকার বড় একটি অংশ সে উড়িয়েছে তার দীর্ঘদিনের বান্ধবী পূবালি দত্তের পেছনে। বান্ধবীকে ১.৫ লক্ষ টাকার আইফোন উপহার দেওয়া থেকে শুরু করে নাইটক্লাবে বিলাসবহুল পার্টি—সবকিছুতেই চলেছে দেদার খরচ।
নিজের অপরাধ স্বীকার করলেও বাকি দায় বন্ধুদের ওপর চাপানোর চেষ্টা করছে অভিযুক্ত যুবক। খোয়া যাওয়া টাকা ও সোনাদানা উদ্ধারে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জোরহাট থানার পুলিশ।
