বাবরি মসজিদ নির্মাণে তৃণমূল নেতার লক্ষাধিক টাকা দান ঘিরে বিতর্ক
মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদ নির্মাণ ট্রাস্টে এক লক্ষ ১১ হাজার টাকা দান করেছেন তৃণমূলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান। রমজানের প্রথম দিন ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-র ব্যাংক অ্যাকাউন্টে তিনি এই অনুদানের চেক জমা দেন। দলীয় বিধিনিষেধ উপেক্ষা করে এই অর্থ সাহায্য নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এই মসজিদ নির্মাণে অনড় থাকায় গত ডিসেম্বরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমানে তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ গঠন করে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। শফিউজ্জামান অবশ্য এই অনুদানকে রাজনীতির ঊর্ধ্বে ব্যক্তিগত ধর্মীয় কর্তব্য বলে দাবি করেছেন এবং দলের সিদ্ধান্তের সঙ্গে এর কোনো সংঘাত নেই বলে জানান।
অন্যদিকে, জনতা উন্নয়ন পার্টির দাবি, অতীতে মসজিদের বিরোধিতা করে সংখ্যালঘু সমাজে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তা পুনরুদ্ধারে এই পদক্ষেপ নিয়েছেন শফিউজ্জামান। হুমায়ুন কবীরও মন্তব্য করেছেন যে, স্থানীয়দের চাপের মুখে পড়ে নিজের অবস্থান প্রমাণ করতেই এই অর্থ সাহায্য করেছেন তৃণমূল নেতা। বর্তমানে ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

