বাবা-মায়ের সম্পত্তিতে কি মেয়ের অধিকার নেই? জানুন গুরুত্বপূর্ণ আইনি তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
September 7, 202610:33 am
মেয়ের বিয়ে হয়ে গেলে বাবা-মায়ের সম্পত্তি কেবল ছেলেরই—আমাদের সমাজে এখনও অনেকের মধ্যে এই ধারণা কাজ করে। এই মানসিকতার কারণে বহু পরিবারেই সম্পত্তি নিয়ে শুরু হয় আইনি ও পারিবারিক অশান্তি। কিন্তু বাবা-মা কি চাইলে তাঁদের সব সম্পত্তি ছেলেকে দিয়ে দিতে পারেন? এ ক্ষেত্রে কন্যাসন্তানের আইনি অধিকার ঠিক কতটা? জেনে নিন ভারতীয় আইন কী বলছে।
১. নিজ উপার্জিত সম্পত্তির ক্ষেত্রে বাবা-মায়ের পূর্ণ অধিকার বাড়ি, জমি বা ফ্ল্যাট যদি বাবা-মা নিজেদের উপার্জনের টাকায় কিনে থাকেন (Self-Acquired Property), তবে জীবদ্দশায় সেই সম্পত্তি তাঁরা যাকে খুশি দান করতে পারেন।
- দানপত্র (Gift Deed) বা উইল (Will): রেজিস্ট্রি করা দানপত্র বা উইলের মাধ্যমে বাবা-মা যদি সব সম্পত্তি ছেলেকে দিয়ে যান, তবে আইনত সেই সম্পত্তি ছেলের অধীনেই চলে যায়।
- মেয়ের দাবি: বাবা-মা জীবিত থাকা অবস্থায় তাঁদের নিজ উপার্জিত সম্পত্তিতে সন্তান হিসেবে স্বয়ংক্রিয় কোনো আইনি অধিকার জন্মায় না।
কখন আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব? তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কন্যাসন্তান এই দানপত্র বা উইল বাতিল করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন:
- বাবা-মাকে ভয় দেখিয়ে, জোর করে বা প্রতারণা করে সই করানো হলে।
- সিদ্ধান্ত নেওয়ার সময় বাবা-মা মানসিকভাবে অসুস্থ বা সিদ্ধান্ত গ্রহণে অক্ষম থাকলে।
- উইল বা দানপত্রটি জাল প্রমাণিত হলে।
যথাযথ প্রমাণ খতিয়ে দেখে আদালত এই ধরনের চুক্তি বা উইল বাতিল ঘোষণা করার এখতিয়ার রাখে।
২. উইল না করে মৃত্যু এবং পৈতৃক সম্পত্তি বাবা-মা যদি কোনো উইল না করেই মারা যান, তবে ২০০৫ সালের ‘হিন্দু উত্তরাধিকার আইন’ (Hindu Succession Act) অনুযায়ী, প্রথম শ্রেণির ওয়ারিশ হিসেবে ছেলে ও মেয়ে—বিবাহিত বা অবিবাহিত নির্বিশেষে—উভয়েই সম্পত্তিতে সমান অংশ পাবেন। সে ক্ষেত্রে কন্যাসন্তানকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না।
একইভাবে, সম্পত্তিটি যদি পৈতৃক বা ঠাকুরদার আমলের (Ancestral Property) হয়, তবে সেখানে জন্মগতভাবেই মেয়ের অধিকার থাকে। এ ক্ষেত্রেও বাবা-মা এককভাবে পুরো সম্পত্তি শুধু ছেলেকে লিখে দিতে পারেন না।
