বাবার অসুস্থতার মাঝেই মুম্বইয়ে কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন আরবাজ খান
বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান যখন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন, ঠিক সেই সময়েই বাণিজ্যনগরীতে নতুন সম্পত্তি কিনলেন অভিনেতা আরবাজ খান। যোগেশ্বরী এলাকায় একটি বহুতল আবাসনের ২৭ তলায় ১২৪৩ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনেছেন তিনি। ব্যক্তিগত জীবনে খান পরিবারের এই কঠিন পরিস্থিতির মধ্যেই অভিনেতার নতুন বিনিয়োগ বিনোদন জগতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে, বিলাসবহুল এই ফ্ল্যাটটির মূল্য প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা। এই ক্রয়ের জন্য অভিনেতা ইতিমধ্য়েই ১৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন। ফ্ল্যাটটি ‘মিনিমালিস্ট’ থিমে এবং উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হচ্ছে। তবে আবাসনটির নির্মাণকাজ বর্তমানে চলমান এবং ২০৩০ সাল নাগাদ আরবাজ এর দখল পেতে পারেন।
অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হন সেলিম খান। ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে বর্তমানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, নবতিপর এই কিংবদন্তির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাবার অসুস্থতা নিয়ে উদ্বেগের মাঝেই আরবাজের এই নতুন আবাসন কেনার খবরটি প্রকাশ্যে এলো।

