বাবার সঙ্গে থাকতে চায় না নাবালিকা! মেয়ের ইচ্ছেকে মান্যতা দিয়েও পিতৃত্বের অধিকার নিয়ে কী বলল আদালত? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের এক গুরুত্বপূর্ণ রায়ে পারিবারিক মামলার ক্ষেত্রে বাবার অধিকার নিয়ে নতুন আলোকপাত করা হলো। ৯ বছরের নাবালিকা মেয়ে বাবার সাথে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় নিম্ন আদালত অস্থায়ী হেফাজতের আবেদন খারিজ করেছিল। তবে হাইকোর্টের বিচারপতি রিশাদ মেদোরা স্পষ্টভাবে জানান, সন্তানের ইচ্ছাকে সম্মান জানানো জরুরি হলেও বাবাকে তার সন্তানের সাথে দেখা করার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত করা যায় না। আদালতের এই পর্যবেক্ষণ পিতৃত্বের আইনি ও নৈতিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে।
এই নির্দেশিকার ভিত্তিতে আসন্ন কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে বাবাকে তার মেয়ের সাথে দেখা করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২, ৪ ও ৬ নভেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে সরকারি আধিকারিক ও আইনজীবীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করে পিতার যোগাযোগের অধিকারকেও প্রাধান্য দিল উচ্চ আদালত।
