বাবাহারা রাজবংশী মেয়েকে কোর্টে পাঠিয়েছে বিজেপি, স্বপ্না বর্মনকে পাশে নিয়ে সুর চড়ালেন অভিষেক

মঙ্গলবার রাজগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী তথা এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে পাশে বসিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের মানুষকে হেনস্তা করছে। অভিষেক দাবি করেন, ভারতের গর্ব স্বপ্না যখন সম্প্রতি তাঁর বাবাকে হারিয়ে শোকাতুর, সেই কঠিন সময়েও তাঁর এনওসি (NOC) আটকানোর জন্য তাঁকে আদালতে টেনে নিয়ে গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই ঘটনাকে বিজেপির মানসিকতার চরম অধঃপতন হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বিজেপির প্রতিশ্রুতি ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, কেন্দ্রের সরকার বছরের পর বছর সাধারণ মানুষকে কেবল মিথ্যে স্বপ্ন দেখিয়ে গিয়েছে। ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া বা যুবকদের চাকরির প্রতিশ্রুতি—কোনওটিই তারা পূরণ করতে পারেনি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপি শাসিত আসাম বা ত্রিপুরার মতো রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো জনমুখী প্রকল্প নেই। তৃণমূল নেতার দাবি, রাজগঞ্জের মানুষের অধিকার কেড়ে নিয়ে বাইরে থেকে লোক এনে বাংলা দখলের ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির, যার যোগ্য জবাব মানুষ ব্যালট বক্সেই দেবেন।
রেলের চাকরি থেকে স্বপ্নার ইস্তফা গ্রহণ না করা এবং বিভাগীয় তদন্ত শুরু হওয়া নিয়ে চলা আইনি জটিলতাকেও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে তৃণমূল। অভিষেক এদিন প্রতিশ্রুতি দেন, স্বপ্না বর্মন নির্বাচনে জয়ী হওয়ার এক মাসের মধ্যেই রাজগঞ্জে দীর্ঘ প্রতীক্ষিত কোল্ড স্টোরেজ ও ফায়ার স্টেশনের কাজ শুরু হবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এই উন্নয়নমূলক প্রকল্পগুলো শেষ করার আশ্বাসও দেন তিনি। উত্তরবঙ্গের ঘরের মেয়ের সঙ্গে রেল কর্তৃপক্ষের এই আচরণকে হাতিয়ার করে এদিন জনসভায় আবেগের কার্ড খেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
