বাম শিবিরে ভাঙনের ইঙ্গিত, লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ প্রতীক উর রহমান
সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা যুব নেতা প্রতীক উর রহমানের দলত্যাগ ও বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ইস্তফাপত্র ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে তিনি দলের অভ্যন্তরে কাজ করার পরিবেশ নেই বলে অভিযোগ তুলেছেন। প্রতীক জানান, সূর্যকান্ত মিশ্রের আমলে সমালোচনা শোনার মানসিকতা থাকলেও বর্তমান নেতৃত্বে সেই গণতান্ত্রিক পরিবেশ আর নেই।
বিশেষত তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করে প্রতীক উর রহমান শিবির বদলের জল্পনা উস্কে দিয়েছেন। এককালে এই প্রকল্পের সমালোচক হিসেবে পরিচিত এই নেতা এখন একে ‘ভিক্ষা’ বলতে নারাজ। তাঁর দাবি, বামেরাও ভাতার কথা বলেছিল, তাই একে খাটো করে দেখার অবকাশ নেই। এই অবস্থান পরিবর্তনের পর থেকেই রাজনৈতিক মহলে তাঁর ঘাসফুল শিবিরে যোগদানের সম্ভাবনা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।
দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে প্রতীক অভিযোগ করেন, প্রশ্ন তোলায় তাঁকে আসন্ন রাজ্য সম্মেলনে ব্রাত্য রাখা হয়েছে। তৃণমূল নেতাদের সাথে গোপন বৈঠকের অভিযোগ খারিজ করলেও শাসক দলে যোগদানের বিষয়টি তিনি একেবারে উড়িয়ে দেননি। ভোটের মুখে লড়াকু এই যুব নেতার সম্ভাব্য দলবদল বাম শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

