বামেদের মোহভঙ্গ? অভিষেকের হাত ধরা ছবি ডিপি করে কী বার্তা দিলেন প্রতীক উর রহমান – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:45 pm
সিপিএমের তরুণ তুর্কি থেকে এখন তৃণমূলের সৈনিক। দলবদলের এক সপ্তাহ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় বদল আনলেন প্রতীক উর রহমান। মুছে ফেললেন বাম আন্দোলনের সমস্ত স্মৃতি, ফেসবুকের প্রোফাইল পিকচারে জায়গা করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়া সেই চেনা মুখটি এখন ঘাসফুল শিবিরের সম্পদ। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক ডিপি বদলে প্রতীক বুঝিয়ে দিলেন, তাঁর লড়াইয়ের অভিমুখ এখন সম্পূর্ণ ভিন্ন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “রাস্তাই একমাত্র রাস্তা”। এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজপথের লড়াইয়ে তিনি তৃণমূলের হয়েই জান লড়িয়ে দেবেন।
তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই বাম শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রতীক। প্রশ্ন উঠছিল, দলবদল করলেও কেন তাঁর সোশ্যাল মিডিয়ায় এখনও বাম আন্দোলনের ছবি শোভা পাচ্ছে? সেই সব প্রশ্নের উত্তর দিতেই কি এই পদক্ষেপ? রাজনৈতিক মহলে এখন এটাই বড় চর্চার বিষয়।
প্রতীক উর রহমান জানিয়েছেন, বিজেপি বা ফ্যাসিস্ট শক্তিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই বাংলার একমাত্র ভবিষ্যৎ। বামেদের ‘ইনকিলাব’ ছেড়ে এখন তাঁর গলায় ‘জয় বাংলা’ ধ্বনি। বিধানসভা নির্বাচনের দামামা বাজার মুখে প্রতীকের এই সক্রিয়তা এবং সোশ্যাল মিডিয়ায় ভোলবদল নিশ্চিতভাবেই সিপিএমের জন্য বড় ধাক্কা। সংখ্যালঘু এই তরুণ নেতা স্পষ্ট করেছেন, তিনি দলকে ১০০ শতাংশ উজাড় করে দেবেন এবং রাজপথই হবে তাঁর প্রতিবাদের মূল মঞ্চ।

