লেটেস্ট নিউজ

বারাসত ও বসিরহাটে বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, শুরু রাজনৈতিক তর্জা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বারাসাত ও বসিরহাটে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল বিজেপি। বারাসাত লোকসভা কেন্দ্রে ফের শংকর চট্টোপাধ্যায়ের ওপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। তাঁর নাম ঘোষণা হতেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও হরিতলা মোড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি একে তৃণমূলের চক্রান্ত বললেও শাসক দল বিষয়টিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবেই দেখছে।

হাবড়া কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিজেপির বাজি বনগাঁর দেবদাস মণ্ডল। দুই হেভিওয়েট নেতার লড়াইকে কেন্দ্র করে সরগরম স্থানীয় রাজনীতি। এছাড়া অশোকনগরে চিকিৎসক সুময় হীরাকে প্রার্থী করেছে বিজেপি, যাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নারায়ণ গোস্বামী। উভয় পক্ষই দুর্নীতির অভিযোগ ও জয়ের দাবি নিয়ে একে অপরকে বিঁধতে শুরু করেছে।

বসিরহাট মহকুমাতেও একাধিক নতুন মুখ নিয়ে এসেছে বিজেপি। হাড়োয়ায় ভাস্কর মণ্ডল, মিনাখাঁয় রুদ্রেন্দু পাত্র এবং সন্দেশখালিতে সনৎ সর্দারকে প্রার্থী করা হয়েছে। এছাড়া বসিরহাট দক্ষিণে শৌর্য বন্দ্যোপাধ্যায় ও হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে লড়াইয়ে নামিয়েছে পদ্ম শিবির। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলাজুড়ে প্রচারের পারদ চড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *