বারুইপুর কাণ্ড: গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও ৫ গ্রেপ্তার, মোট ধৃত ৩৫ – এবেলা

বারুইপুর কাণ্ড: গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও ৫ গ্রেপ্তার, মোট ধৃত ৩৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চলা অস্থিরতা এবং পরবর্তীতে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় ধরপাকড় অব্যাহত। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, গণপিটুনি ও পুলিশের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই বিশৃঙ্খলার ঘটনায় প্রায় ২০০ জন অভিযুক্তের তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সেই সূত্র ধরেই চলছে লাগাতার অভিযান।

প্রসঙ্গত, গত রবিবার বারুইপুরে ১১ বছর বয়সী এক নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধের পাশাপাশি রেললাইন উপড়ে ফেলার মতো গুরুতর অভিযোগও ওঠে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই খুন ও ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও প্রবল আক্রমণের মুখে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মীদের মারধর করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একাধিক এলাকায় তল্লাশি জারি রয়েছে এবং ভবিষ্যতে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দারসহ প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার ও কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর মধ্যে মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *