বারুইপুর পুরসভায় ৭ কোটির মহাঘোটালা? চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের নাম উঠতেই শোরগোল! – এবেলা

এবেলা ডেস্কঃ
বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী ও ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, পুরসভার ৪২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ১৭টিতেই মিলেছে বড়সড় গরমিল। এই ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে পুরসভায় অবিলম্বে প্রশাসক নিয়োগ এবং পুরমন্ত্রীর মাধ্যমে বিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। বিজেপি নেতার অভিযোগ, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষের অর্থ তছরুপ করে পুরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে।
অন্যদিকে, বিজেপি নেতার এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। তিনি স্পষ্ট জানান, কোন খাতে বা কোথায় গরমিল হয়েছে তা নির্দিষ্ট করে প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এবং যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন। জুন মাসে পুকুরভরাট ও বেআইনি নির্মাণের অভিযোগের পর ফের কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। সব মিলিয়ে বারুইপুর পুরসভার এই আর্থিক লেনদেন বিতর্ককে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতর সৃষ্টি হয়েছে।
