বালি পাচার ইস্যুতে ফাঁস বিস্ফোরক অডিয়ো! সিআইডি তদন্তের দাবিতে ভবানী ভবনে বিরোধী দলনেতা – এবেলা

বালি পাচার ইস্যুতে ফাঁস বিস্ফোরক অডিয়ো! সিআইডি তদন্তের দাবিতে ভবানী ভবনে বিরোধী দলনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বালি পাচার ও সিন্ডিকেট নিয়ে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ এবং দুর্গাপুরের এক বালি মাফিয়ার কথিত কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। উক্ত অডিয়োতে দুর্গাপুরের এক প্রাক্তন মন্ত্রীর নামও উঠে এসেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলেই ভবানী ভবনে গিয়ে সিআইডি-র কাছে লিখিত অভিযোগ জানান রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতার দাবি, ভাইরাল ওই অডিয়োতে দুর্গাপুর অঞ্চলে বালি সিন্ডিকেটের বখরা ভাগ নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে। অডিয়োতে যার গলা রয়েছে, তিনি নাম না করলেও ইঙ্গিতপূর্ণভাবে জানান যে তিনি এক সময়ে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। অডিয়োটির সত্যতা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করে দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিতে তিনি রাজ্য পুলিশ ও সিআইডি-র কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি এই বিষয়টি লোকসভার স্পিকার, সিবিআই এবং ইডি-র নজরেও আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (AI) প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়ো অডিয়ো তৈরি করা হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে তিনি শীঘ্রই কঠোর আইনি পদক্ষেপ করবেন বলে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *