লেটেস্ট নিউজ

বালুরঘাটে ছাত্রীকে কুপ্রস্তাব, ক্লাসরুমে কান ধরে ওঠবস শিক্ষকের, ভিডিও ভাইরাল

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বালুরঘাট হাই স্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ইংরেজি শিক্ষক ক্লাসরুমের ভেতরেই কান ধরে ওঠবস করছেন এবং এক ছাত্রীর সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছেন। ভিডিওর একপর্যায়ে ওই ছাত্রী শিক্ষককে চড় মারেন বলেও অভিযোগ উঠেছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্কুল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসের শেষে ওই শিক্ষক ছাত্রীর মোবাইলে অশালীন বার্তা ও কুপ্রস্তাব পাঠান। বিষয়টি জানাজানি হলে সহপাঠীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষক ক্লাসে এলে শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ জানায়। চাপের মুখে ওই শিক্ষক নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন বলে দাবি করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত অন্য ছাত্রছাত্রীরাই মোবাইলে পুরো দৃশ্যটি ধারণ করে।

এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *