বাসন্তী পুজো ও রামনবমীতে তুঙ্গে ফুলের চাহিদা, আকাশছোঁয়া দামে মাথায় হাত আমজনতার – এবেলা
এবেলা ডেস্কঃ
বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো এবং রামনবমী—এই তিন উৎসবের আবহে কলকাতার ফুলের বাজারে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। উৎসবের মরসুমে চাহিদা মেটাতে শহরের পাইকারি বাজারে প্রায় ২৫ কোটি টাকার ফুল এলেও দাম কমার কোনো লক্ষণ নেই। উল্টে বুধবার থেকেই খুচরো বাজারে ফুলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
বাজার দর অনুযায়ী, বড় রজনীগন্ধার মালা ১০০ থেকে ১২০ টাকা এবং গাঁদার মালা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও অপরাজিতা ও কুচো ফুলের দামও অন্য দিনের তুলনায় অনেকটাই চড়া। বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজোর মহাষ্টমী হওয়ায় পদ্মফুলের চাহিদা তুঙ্গে রয়েছে, যার প্রতি পিসের দাম খুচরো বাজারে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত ঠেকেছে।
ব্যবসায়ীদের মতে, তিনটি বড় পুজো একসঙ্গে পড়ায় পাইকারি স্তরেই ফুলের দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরো বাজারে। সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, চড়া দামের এই প্রবণতা বাংলা নববর্ষ পর্যন্ত বজায় থাকতে পারে। বর্তমানে জোগান থাকলেও বাড়তি চাহিদাই বাজারকে নিয়ন্ত্রণ করছে।

