বিউটি পার্লারের আড়ালে মাদক চক্র, দিল্লিতে লরেন্স গ্যাংয়ের ‘ম্যাডাম জেহর’ গ্রেপ্তার
দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক ও অস্ত্র নেটওয়ার্কের বিরুদ্ধে এক বড় সাফল্য পেয়েছে। উত্তর-পূর্ব দিল্লিতে বিউটি পার্লার চালানোর আড়ালে ড্রাগ চক্র পরিচালনার অভিযোগে খুশনুমা আনসারি ওরফে নেহা এবং কুখ্যাত বন্দুকবাজ ববি কবুতারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের কাছে ‘ম্যাডাম জেহর’ নামে পরিচিত নেহার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এই অভিযানে গ্যাংটির একটি বিস্তৃত লজিস্টিক চেইন ভেঙে দিয়েছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে যে, ববি কবুতার দীর্ঘদিন ধরে লরেন্স ও হাশিম বাবা গ্যাংয়ের জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র সরবরাহ করত। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড, নাদির শাহ খুন এবং অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের মতো ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ। বিশেষ করে মুসেওয়ালা খুনের আগে রুট ম্যাপ তৈরি ও রেকি করার কাজে সে যুক্ত ছিল। পুলিশ এই চক্রের সঙ্গে পাকিস্তানের আইএসআই যোগসূত্রও খতিয়ে দেখছে।
বিষ্ণোই গ্যাংয়ে নারীদের ক্রমবর্ধমান সক্রিয়তা পুলিশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীপা ও জোয়া খানের পর নেহা এই চক্রের তৃতীয় ‘লেডি ডন’ হিসেবে ধরা পড়লেন। মহিপালপুর ফ্লাইওভারের কাছ থেকে ধরা পড়ার আগে এই অভিযুক্তরা ভুয়ো পরিচয় ব্যবহার করে দীর্ঘকাল পুলিশের নজর এড়িয়ে চলছিল। বর্তমানে ধৃতদের জেরা করে এনসিআর এলাকায় সক্রিয় স্লিপার সেল এবং গ্যাংয়ের আর্থিক উৎসের সন্ধান চালাচ্ছে স্পেশাল সেল।

