বিএমডব্লিউ থেকে রেঞ্জ রোভার, শত শত গাড়ির মালিক পাথর ব্যবসায়ী টুলু! শোরগোল রাজ্য রাজনীতিতে – এবেলা

বিএমডব্লিউ থেকে রেঞ্জ রোভার, শত শত গাড়ির মালিক পাথর ব্যবসায়ী টুলু! শোরগোল রাজ্য রাজনীতিতে – এবেলা

এবেলা ডেস্কঃ

তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর থেকেই তদন্তকারীদের নজরে আসেন পাথর ব্যবসায়ী মহম্মদ নাজ়িবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। সিউড়িতে তাঁর প্রাসাদোপম বাড়ির গ্যারাজ থেকে ইতোমধ্যে দু’টি রেঞ্জ রোভার ও একটি ইনোভা বাজেয়াপ্ত করা হয়েছে।

স্থানীয় ও ব্যবসায়ী মহলের দাবি, বিএমডব্লিউ, অডি, রেঞ্জ রোভার থেকে শুরু করে ‘ডিফেন্ডার’-এর মতো বিলাসবহুল গাড়ি চড়ার শখ ছিল টুলুর। নামে-বেনামে তাঁর প্রায় ৫০০টি গাড়ি রয়েছে বলে অনুমান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ পর্যন্ত ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে ৮৩টি ট্রাক ও ডাম্পার রয়েছে। গাড়ি সামান্য পুরোনো হলেই তা বদলে নতুন গাড়ি কেনার অভ্যেস ছিল টুলুর।

মোহাম্মদবাজারে ড্রোন ক্যামেরায় টুলুর যে বিশাল গ্যারাজের ছবি ধরা পড়েছে, সেখানে দেখা গেছে সারি সারি দাঁড়িয়ে থাকা ট্রাক ও ডাম্পার। এগুলো মূলত ‘মণ্ডল স্টোন প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’-এর নামে চলত। অভিযোগ, নিজের কেনা গাড়ির পাশাপাশি ঘনিষ্ঠদের এবং অন্যের কাছ থেকে হাতিয়ে নেওয়া গাড়িও ছিল এই বহরে। এসব গাড়ি চালাতে প্রায় ৮০০ চালক নিয়োজিত ছিলেন বলেও জানা গেছে।

এই ঘটনা নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এটি একটি বিরাট চক্র এবং ২৪২টি গাড়ি এক দিনে তৈরি হয়নি। পূর্বতন তৃণমূল সরকার ও প্রশাসনের একাংশের মদতেই এই কাণ্ড ঘটেছে।” এর সাথে জড়িত ৯৩ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই বিপুল সম্পত্তি ও গাড়ি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে এবং জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *