বিকাশ ভবন অভিযানের ডাক: ৬ দফা দাবিতে সরব SLST-২ ফ্রেশার্সরা, আজ মন্ত্রীর সঙ্গে বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ
স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ওবিসি (OBC) সংরক্ষণ ১৭% থেকে কমিয়ে ৭% করায় নতুন করে এডিট অপশন চালু হয়েছে, যা ২৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে ৩৩টি বিষয়ে নতুন ১১০০-র বেশি প্রার্থী অন্তর্ভুক্ত হওয়ায় আবার ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া চালাতে হবে। এই প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায়, ২০১৬ সালের প্যানেলের যোগ্যদের চাকরির মেয়াদ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন।
এই সার্বিক আবহে ৬ দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দেন SLST-২ ফ্রেশার্স প্রার্থীরা। আন্দোলনকারী শিশির দাস জানান, তাঁদের দাবির বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকাল ১১টায় প্রতিনিধিদের সাথে বৈঠকের সময় দিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ইন্টারভিউয়ের আগেই ২০১৬ সালের প্রার্থীদের ১০ নম্বর বাতিল করা, ২০২৫-এর ওএমআর সিট শুধু দেওয়া নয় বরং প্রকাশ্যে আনা, মেয়াদ-উত্তীর্ণ প্যানেল বাতিল করা এবং বর্তমান নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা।
