বিক্রি হলে সারাজীবন গদ্দার হয়ে থাকতে হবে, দলবদলের আশঙ্কায় বিস্ফোরক হুঁশিয়ারি মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই দলের অন্দরে ‘বেচা-কেনা’ নিয়ে তীব্র সতর্কতা জারি করলেন তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলায় ধর্না কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দাবি করেন যে, শাসকদলের বিধায়ক বা নেতাদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা চলছে। নাম না করে নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, কেউ বিক্রি হলে মানুষের কাছে সারাজীবন ‘গদ্দার’ হয়ে পরিচিত হতে হবে।
রাজনৈতিক মহলে গুঞ্জন, ২০২৬ সালের নির্বাচনে দলের বেশ কিছু বর্তমান বিধায়ক ও মন্ত্রী টিকিট নাও পেতে পারেন। এই আশঙ্কায় তৃণমূলের একাংশ তলে তলে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর রয়েছে খোদ দলনেত্রীর কাছে। সেই প্রসঙ্গের অবতারণা করেই মমতা বলেন, “নজর রাখতে হবে। কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে। মনে রাখবেন টাকা মাটি, মাটি টাকা। টাকা আসে আবার চলে যায়। কিন্তু মানুষ যখন জেনে যায় কেউ টাকা নিয়েছে, তখন আর সম্মান থাকে না।”
তৃণমূল নেত্রীর এই মন্তব্য দলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এক প্রভাবশালী মন্ত্রীকে টানা পাঁচ দিনের ধর্না মঞ্চে দেখা না যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। দলের প্রবীণ নেতাদের মতে, টিকিট না পাওয়ার ভয়ে যারা দলবদল করতে পারেন, তাঁদের আগাম সতর্ক করতেই নেত্রী এই কড়া বার্তা দিয়েছেন। একইসঙ্গে মমতা স্পষ্ট করে দিয়েছেন যে, দলের প্রতিটি গতিবিধির ওপর তাঁর কড়া নজর রয়েছে। ভোটের আগে এই ‘টাকার খেলা’ রুখতে এবং দলের সংহতি বজায় রাখাই এখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

