বিজেপি কর্মী অভিজিৎ হত্যা মামলায় সিবিআইয়ের বড় পদক্ষেপ, এবার আদালতের রায়ে ফাঁসে আঁটলো আরও ২ জন! – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে নারকেলডাঙায় নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠা এই মামলায় তৃণমূলের তৎকালীন বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর, একাধিক স্থানীয় পুলিশ অফিসারসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ইতিপূর্বে চার্জগঠন হয়েছিল। সিবিআই তদন্তে দাবি করা হয়, পরেশ পালের উসকানিতেই এই হত্যাকাণ্ড ঘটেছিল। তবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মামলার অন্যতম দুই অভিযুক্ত অরূপ দাস ও বিশাল পাল।
অবশেষে চলতি আগস্ট মাসেই সিবিআইয়ের যৌথ অভিযানে আসাম থেকে অরূপ দাস এবং পশ্চিমবঙ্গ থেকে বিশাল পালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পর মঙ্গলবার নগর দায়রা আদালতে (বিচারভবন) তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জগঠন করা হয়েছে। আদালত সূত্রে জানানো হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর এই বহুল চর্চিত মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকেই মূল মামলার বিচারপর্ব তথা সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
