বিজেপি নয় আসল প্রতিপক্ষ অন্য কেউ! চন্দননগরে মোদি ও মমতার অদ্ভুত মিল খুঁজে একী বললেন ইন্দ্রনীল সেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপিকে পাত্তাই দিচ্ছেন না বিদায়ী মন্ত্রী তথা চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। তাঁর মতে, লড়াইটা আসলে রামের সঙ্গে নয় বরং ‘শূন্য’ হওয়া বামেদের সঙ্গেই। শনিবার চন্দননগরের জ্যোতির মোড়ে এক জনসভায় ইন্দ্রনীল দাবি করেন, বাম-রামের জোট হলেও মমতাকে সরানো আসাম্ভব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরনে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন এই গায়ক-রাজনীতিবিদ। ইন্দ্রনীলের কথায়, “দুজনই মানুষকে লাইনে দাঁড় করান। তবে মোদির লাইনে আধার-গ্যাস লিঙ্কের হয়রানি আর মমতার লাইনে মেলে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো একশোটি প্রকল্প।”
বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, পদ্ম শিবিরের প্রার্থী হওয়ার একমাত্র যোগ্যতামান হলো অতীতে কতদিন তৃণমূল করেছেন তার বায়োডাটা। শুভেন্দু অধিকারী থেকে নিশীথ প্রামাণিক—বিজেপির প্রথম সারির সব নেতার শিকড়ই ঘাসফুলে। ইন্দ্রনীলের চ্যালেঞ্জ, স্বয়ং মোদি পদত্যাগ করে চন্দননগরে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় রুখতে পারবেন না। উন্নয়নের নিরিখেই মানুষ ফের জোড়াফুলে ভোট দেবেন বলে আত্মবিশ্বাসী এই হেভিওয়েট প্রার্থী।

