লেটেস্ট নিউজ

বিজেপি নেত্রীর স্বামী পুলিশ অবজারভার! মালদায় ভোটের মুখে কমিশনের নিরপেক্ষতা নিয়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার চারটি বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার হিসেবে বিহারের এক বিজেপি নেত্রীর স্বামীকে নিয়োগ করা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস এই নিয়োগের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগ উঠেছে যে, সংশ্লিষ্ট আইপিএস আধিকারিক জয়ন্ত কান্তের স্ত্রী বিহারে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা নির্বাচনী নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে।

তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৈষ্ণবনগর, মোথাবাড়ি, সুজাপুর ও মানিকচকে পরিকল্পিতভাবে এই নিয়োগ করা হয়েছে। তাঁর অভিযোগ, অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে বিজেপি-ঘনিষ্ঠদের বসিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইসাখান চৌধুরীও এই নিয়োগকে অগ্রহণযোগ্য বলে সরব হয়েছেন।

পাল্টা প্রতিক্রিয়ায় দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের অভিযোগ করছে। প্রশাসনিক এই নিয়োগকে কেন্দ্র করে বর্তমানে মালদার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিষয়টি এখন কমিশনের বিচারাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *