“বিজেপিতে না যোগ দিলে মা-বাবা বিপদে!”—অভিজিতের মায়ের বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে ছিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে এবার তাঁর পরিবারকে ঘিরে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দীপক বিস্ফোরক অভিযোগ করে জানান, রাজনীতিতে আসার পরেই তাঁদের পরিবারকে চরম প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছিল। এমনকি নিরাপত্তার খাতিরে টানা ১৬ দিন বাড়ি ছেড়ে আত্মগোপন করে থাকতে হয়েছিল তাঁদের।
অনিতা দেবীর দাবি, সিজেপি গঠনের পরপরই একটি ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়— “বিজেপিতে যোগ না দিলে মা-বাবা বিপদে পড়বে।” প্রথমদিকে অভিজিৎ এই কথা বাবা-মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইলেও, পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত তাঁদের বাড়ি ছাড়ার অনুরোধ করেন। অভিজিতের বাবা উচ্চ রক্তচাপের রোগী হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে তাঁরা কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে ১৬ দিন আশ্রয় নেন।
অবশ্য এই পরিস্থিতি নিয়ে অভিজিতের বাবা বেশ সংযত মনোভাব প্রকাশ করেছেন। তাঁর মতে, জনমুখী কাজ বা রাজনীতির ময়দানে নামলে এরকম চাপ ও সমালোচনা স্বাভাবিক। একদিকে অভিজিতের ব্যক্তিগত জীবন ও বিয়ের জল্পনা, অন্যদিকে সমাজমাধ্যমে প্রিয়াঙ্কা চৌধুরীর তাঁকে ফলো করা নিয়ে আলোচনার মাঝেই—পরিবারকে দেওয়া এই হুমকির খবর নতুন করে সরগরম করে তুলেছে রাজনৈতিক অঙ্গন।
