বিজেপির ‘চার্জশিট’ বনাম তৃণমূলের পালটা রিপোর্ট কার্ড, ভোটের মুখে তপ্ত বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ তুঙ্গে। আজ দুপুরে তৃণমূল সরকারের বিরুদ্ধে ৪০ পাতার একটি ‘চার্জশিট’ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চার্জশিটে নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বকেয়া রাখার মতো একাধিক প্রশাসনিক ও অর্থনৈতিক ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বিজেপি।
পালটা কৌশলে বিজেপিকে বিঁধতে প্রস্তুতি সেরে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসও। বিকেলেই তৃণমূল ভবনে মহুয়া মৈত্র ও ব্রাত্য বসুরা ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর’ খতিয়ান সম্বলিত একটি পালটা রিপোর্ট কার্ড প্রকাশ করবেন। সেখানে কেন্দ্রীয় বঞ্চনা, সিএএ-এনআরসি বিতর্ক এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলোকে সামনে রেখে শাহী আক্রমণের জবাব দেওয়ার পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের।
ভোটের মুখে এই ‘চার্জশিট’ বনাম ‘রিপোর্ট কার্ডের’ লড়াই রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে বিজেপি যখন গত ১৫ বছরের শাসনকালকে কাঠগড়ায় তুলছে, অন্যদিকে তৃণমূল গত এক দশকের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ আনছে। অভিযোগ ও পালটা অভিযোগের এই টানাপড়েনে আপাতত সরগরম বাংলার নির্বাচনী ময়দান।

