বিজেপির প্রার্থী তালিকায় চমক বর্তমান সাংসদদের বদলে অভিজ্ঞ প্রাক্তনদের ওপরই ভরসা গেরুয়া শিবিরের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বর্তমান বা ‘সিটিং’ সাংসদদের প্রার্থী না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, উপনির্বাচনের ঝুঁকি এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। কোনো সাংসদ বিধায়ক পদে জয়ী হলে একটি পদ ছাড়তে হয়, যা পরবর্তীকালে উপনির্বাচনের পথ প্রশস্ত করে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গেরুয়া শিবির এই বাড়তি জটিলতা এড়াতে চাইছে।
দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাংলার বাকি ১৫০টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম থাকার পর এবার দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন মহিলা সাংসদদের নাম নিয়ে জোর জল্পনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে কেরল ও আসামের প্রার্থীদের নিয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে, তৃণমূল ত্যাগী মুকুটমণি অধিকারীর পুনরায় বিজেপিতে ফেরা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হওয়া নিয়ে দোটানায় রয়েছে দল। দলত্যাগীদের ফেরানো নিয়ে অন্তর্কোন্দল এড়াতে বিজেপি আপাতত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। রানাঘাট দক্ষিণের মতো বিতর্কিত আসনগুলোতে প্রার্থী ঘোষণা নিয়ে বাড়তি সময় নিতে পারে পদ্ম শিবির। চূড়ান্ত তালিকা আজ-কালের মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।

