বিজেপির প্রার্থী তালিকায় বড় চমকের আভাস পাল্টে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়লেও, বিজেপির কৌশল নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিজেপি এখনও পর্যন্ত মাত্র ১৪৪ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে, যা শাসক শিবিরের অন্দরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরের এই ‘ধীরে চলো’ নীতি মূলত তৃণমূলের প্রার্থী বিন্যাস দেখে পাল্টা রণকৌশল সাজানোর একটি অংশ বলেই ধারণা করা হচ্ছে।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি দিল্লিতে দফায় দফায় বৈঠকের পর বাকি আসনগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করে এনেছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই তালিকা সামনে আসতে পারে। সূত্রের খবর, বিজেপি ইচ্ছা করেই দেরি করছে যাতে তৃণমূলের ক্ষুব্ধ ও হেভিওয়েট নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করে সঠিক প্রার্থী বেছে নেওয়া যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে দলীয় অসন্তোষ দেখা দিয়েছে, বিজেপি তাকেই হাতিয়ার করতে চাইছে।
বিজেপি ঘনিষ্ঠ মহলের দাবি, বাকি তালিকায় এমন কিছু প্রভাবশালী জননেতার নাম থাকতে পারে যারা এক ধাক্কায় ভোটের ফলাফল বদলে দিতে সক্ষম। বিশেষ করে যে আসনগুলোতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চরমে, সেখানে চমকপ্রদ নাম ঘোষণা করে শাসক দলকে কোণঠাসা করাই এখন পদ্ম শিবিরের মূল লক্ষ্য। দিল্লি থেকে সবুজ সংকেত এলেই বিজেপি তাদের চূড়ান্ত ‘তুরুপের তাস’ ময়দানে নামাবে। এখন দেখার, বিজেপির এই বিশেষ কৌশল তৃণমূলের আত্মবিশ্বাসে কতটা ফাটল ধরাতে পারে।

