বিদায় নিচ্ছে এমআধার, ডেটা সুরক্ষায় আরও শক্তিশালী ফিচার নিয়ে হাজির নতুন আধার অ্যাপ! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্মার্টফোনে আধার পরিষেবা ব্যবহারের চেনা অভ্যাস বদলে যাচ্ছে। গ্রাহকদের ডেটা সুরক্ষা ও গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিনের পরিচিত ‘mAadhaar’ অ্যাপটি পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এর পরিবর্তে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ও আধুনিক নিরাপত্তা বলয়ে তৈরি ‘Aadhaar’ অ্যাপ বাজারে আনা হয়েছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইনের সঙ্গে সংগতি রেখে তৈরি এই নতুন অ্যাপটি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
পুরোনো অ্যাপটি আধার সংক্রান্ত কাজ মেটালেও এর একটি বড় দুর্বলতা ছিল তথ্যের অবাধ প্রদর্শন। অনেক সময় হোটেল, হাসপাতাল বা কোনো সরকারি দপ্তরে আধার কার্ড দেখাতে গিয়ে ব্যবহারকারীর অজান্তেই সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেত। এই সাইবার ঝুঁকি ও গোপনীয়তা লঙ্ঘনের সমস্যা দূর করতেই মূলত নতুন অ্যাপটি আনা হয়েছে। এর ফলে আধার ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন এবং পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে।
সুরক্ষায় আধুনিক ফিচার
নতুন আধার অ্যাপটিতে বেশ কিছু যুগান্তকারী প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা জালিয়াতি রোধে সাহায্য করবে। এখন থেকে ব্যবহারকারীরা ‘সিলেক্টিভ ইনফরমেশন শেয়ারিং’ ফিচারের মাধ্যমে শুধু প্রয়োজনমাফিক তথ্য শেয়ার করতে পারবেন। যেমন, কোথাও শুধু বয়স প্রমাণ করার প্রয়োজন হলে পুরো আধার নম্বর বা ঠিকানা লুকিয়ে রেখে কেবল বয়সটুকু প্রদর্শন করা যাবে।
নিরাপত্তা বাড়াতে ওটিপি বা পাসওয়ার্ডের পাশাপাশি যুক্ত হয়েছে ফেস অথেনটিকেশন বা মুখ চিনে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা। এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট, ফেস ও আইরিস—এই তিন স্তরের বায়োমেট্রিক লক সিস্টেম থাকছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রোফাইল খোলা আসাম্ভব করে তুলবে। এছাড়া কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে কোনো গোপন তথ্য ফাঁস না করেই পরিচয় নিশ্চিত করা যাবে। নতুন এই অ্যাপে একটি অ্যাকাউন্ট থেকেই পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যের আধার প্রোফাইল পরিচালনা করা সম্ভব।
নতুন অ্যাপে রেজিস্ট্রেশনের নিয়ম
নতুন অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকদের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Aadhaar’ লিখে সার্চ করতে হবে এবং ডাউনলোডের সময় অবশ্যই UIDAI-এর অফিশিয়াল ‘Pehchaan’ লোগোটি দেখে নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারী নিজের পছন্দমতো ১৩টি ভাষার যেকোনো একটি বেছে নিতে পারবেন। এরপর আধারের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে। সুরক্ষার স্বার্থে অ্যাপটি ফেস স্ক্যান চাইতে পারে। সবশেষে একটি সিকিউরিটি পিন সেট করে আধার নম্বর যুক্ত করলেই প্রোফাইল প্রস্তুত হয়ে যাবে।
তবে ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরোনো অ্যাপের কোনো ডেটা স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যাপে স্থানান্তরিত হবে না। ফলে আগে থেকে সংরক্ষিত আধার পিডিএফ, কিউআর কোড বা পরিবারের সদস্যদের প্রোফাইলগুলো নতুন অ্যাপে গ্রাহককে নিজ দায়িত্বে পুনরায় যোগ করতে হবে। আধুনিক সাইবার অপরাধের যুগে এই নতুন ডিজিটাল পদক্ষেপ নাগরিকদের আধার তথ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
