বিদায় নিল মমতার বিশ্ব বাংলা, রাজ্যের সরকারি কাজে ফিরছে অশোকস্তম্ভ! – এবেলা

বিদায় নিল মমতার বিশ্ব বাংলা, রাজ্যের সরকারি কাজে ফিরছে অশোকস্তম্ভ! – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর এবার প্রশাসনিক স্তরেও বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। বিদায়ী তৃণমূল সরকারের অন্যতম প্রধান প্রতীক তথা ব্রান্ড ‘বিশ্ব বাংলা’ লোগোটি এবার রাজ্য সরকারের সমস্ত দফতর ও পরিকাঠামো থেকে ধাপে ধাপে সরিয়ে ফেলা হচ্ছে। তার পরিবর্তে সরকারি কাজে ফিরিয়ে আনা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ। ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম এবং রাজ্য সরকারের একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিশ্ব বাংলা লোগোটি অপসারণের কাজ শুরু হয়ে গেছে।

প্রশাসনিক ও ডিজিটাল মাধ্যমে বদলের হাওয়া

রাজ্য সরকারের আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘এগিয়ে বাংলা’ পোর্টাল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সাবেক বিশ্ব বাংলা লোগোটি। বর্তমান বিজেপি সরকারের অধীনে ওয়েবসাইটের নকশায় বড়সড় পরিবর্তন এসেছে। সাবেক নীল-সাদা থিমের পরিবর্তে এখন সেখানে গেরুয়া রঙের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি যুক্ত করে পোর্টালটি আপডেট করা হয়েছে। শুধু ডিজিটাল মাধ্যমই নয়, আগামী দিনে সমস্ত সরকারি নথি ও পরিকাঠামো থেকেও এই লোগো সম্পূর্ণ বদলে ফেলার প্রক্রিয়া চলছে।

লোগো পরিবর্তনের কারণ ও রাজনৈতিক প্রভাব

২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটেছিল। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে এটি তৈরি হলেও ধীরে ধীরে তা তৃণমূল সরকারের প্রশাসনিক পরিচয়ের সমার্থক হয়ে ওঠে। নতুন শাসক দল বিজেপির নেতৃত্বের দাবি, কোনো ব্যক্তির তৈরি লোগো একটি রাজ্যের একক সরকারি পরিচয় হতে পারে না। সাংবিধানিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই জাতীয় প্রতীক অশোকস্তম্ভের এই পুর্নব্যবহার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ১৩ বছর ধরে চলে আসা একটি চেনা প্রতীককে বদলে ফেলার এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক রদবদল নয়, এটি আসলে বাংলার রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও এক বড় ধরনের প্রতীকী পালাবদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *