বিদেশে দুর্দশার কথা ফাঁস, দুই বছরের জন্য নির্বাসিত পাক হকি অধিনায়ক আম্মাদ বাট
অস্ট্রেলিয়ায় এফআইএইচ প্রো লিগ চলাকালীন পাকিস্তান হকি দলের চরম অব্যবস্থাপনা নিয়ে মুখ খোলায় কঠোর শাস্তির মুখে পড়লেন অধিনায়ক আম্মাদ বাট। ফেডারেশনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে হোটেল বুকিং বাতিল হওয়া এবং দীর্ঘ সময় রাস্তায় অনাহারে থাকার পাশাপাশি বাসন মাজার মতো অবমাননাকর পরিস্থিতির কথা প্রকাশ্যে আনেন আম্মাদ।
জাতীয় দলের অধিনায়কের অভিযোগ ছিল, ফেডারেশন অর্থ না দেওয়ায় খেলোয়াড়দের ব্যাগ হাতে রাস্তায় ঘুরতে হয়েছে এবং প্রাপ্য সম্মানটুকুও দেওয়া হয়নি। এই বিস্ফোরক মন্তব্যের পরই উত্তাল হয় পাক ক্রীড়া মহল। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান হকি ফেডারেশনের প্রধান তারিক বুগতি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেও শেষ পর্যন্ত অধিনায়কের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আম্মাদ বাট নিয়ম লঙ্ঘন করে জনসমক্ষে মন্তব্য করেছেন। যদিও আম্মাদ আগেই জানিয়েছিলেন যে সত্য বললে শাস্তির হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। আর্থিক অনটন এবং অব্যবস্থাপনার দায় স্বীকার না করে বরং সত্য বলার অপরাধে অধিনায়ককে নির্বাসিত করার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তান হকিতে গভীর সংকট তৈরি হয়েছে।

