বিদ্রোহের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর! রাষ্ট্রসংঘের নীরবতা নিয়ে সোচ্চার ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ
পাক অধিকৃত কাশ্মীরে চরম মুদ্রাস্ফীতি ও অস্বাভাবিক কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া গণআন্দোলন দমাতে পাকিস্তানি সেনার বিরুদ্ধে নৃশংস বর্বরতার অভিযোগ উঠেছে। আন্দোলন থামাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি সেখানে গণহত্যা চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত। বুধবার রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক অধিবেশনে দিল্লির প্রতিনিধি অনুজ স্বরূপ সাফ জানান, অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের দমনপীড়ন এবং খাইবার পাখতুনখোয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সংগঠনের দ্বিমুখী নীতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। পাশাপাশি, পাক সেনার এই নৃশংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করার পাশাপাশি অধিকৃত কাশ্মীরের বঞ্চিত জনতার অধিকারের পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে চলা এই আন্দোলন দমাতে পাক সরকার পুলিশ ও রেঞ্জার্স মোতায়েনের পাশাপাশি একাধিক জঙ্গি সংগঠনকে ব্যবহার করছে বলে অভিযোগ। প্রতিবাদী জনতার উপর নির্যাতন ও গুম-খুনের মতো ঘটনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে পাক সরকারের দমনপীড়নে অতিষ্ঠ সাধারণ মানুষ আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন এবং ভারতের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন।
