বিদ্রোহের দায়ে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের যাবজ্জীবন কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দেশের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। ২০২৪ সালের ডিসেম্বরে অসাংবিধানিক উপায়ে সামরিক আইন জারির দায়ে আদালত এই নজিরবিহীন রায় ঘোষণা করে। প্রসিকিউটররা তাঁর মৃত্যুদণ্ডের আবেদন জানালেও বিচারক যাবজ্জীবনের সিদ্ধান্ত বহাল রাখেন।
তদন্তে জানা গেছে, ৩ ডিসেম্বর ২০২৪-এ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আকস্মিক সামরিক শাসন জারি করেছিলেন ইওল। তাঁর এই পদক্ষেপে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। প্রবল জনরোষ এবং পার্লামেন্টে সামরিক আইন বাতিলের চাপের মুখে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।
এই ঘটনার জেরে ২০২৪ সালের ডিসেম্বরে ইওলকে ইমপিচমেন্টের মাধ্যমে ক্ষমতা থেকে সাময়িকভাবে সরানো হয় এবং ২০২৫ সালের এপ্রিলে সাংবিধানিক আদালত তাঁকে স্থায়ীভাবে পদচ্যুত করে। জুলাই থেকে কারাবন্দী প্রাক্তন এই শাসকের বিরুদ্ধে জালিয়াতি ও মন্ত্রিসভাকে এড়িয়ে চলার মতো একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত এই কঠোর সাজা ঘোষণা করা হলো।

