বিধানসভা ভোটের মুখে পাহাড়ের রাজনীতিতে বড় রদবদল, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নয়া মোড় এল। বৃহস্পতিবার কলকাতায় দুই মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রাখা এই বিধায়কের দলবদল পাহাড়ের নির্বাচনী লড়াইয়ে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তবে বিষ্ণুপ্রসাদ শর্মার এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, তিনি আগে থেকেই তৃণমূলের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, তাই তাঁর বিদায়ে দলের কোনো ক্ষতি হবে না। পাহাড়ের বিজেপি নেতৃত্ব মনে করে, গত লোকসভা নির্বাচনে তাঁর শোচনীয় ফলের পর আসন্ন বিধানসভা নির্বাচনেও এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে, তৃণমূলের সহযোগী দল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বিষয়টিকে সতর্কভাবে দেখছে। তাদের মতে, আসন সমঝোতা অনুযায়ী কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা না থাকলেও, তাঁকে বিজেপি বিরোধী প্রচারে ব্যবহার করা হতে পারে। তবে এই দলবদল তৃণমূলের জন্য লাভজনক হবে নাকি নতুন কোনো অভ্যন্তরীণ সমস্যার সৃষ্টি করবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

