বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই সংস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যখন এলপিজি সরবরাহে দুশ্চিন্তা বাড়ছে, ঠিক তখনই গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা করল মহানগর গ্যাস লিমিটেড (MGL)। নতুন ঘরোয়া সংযোগের ক্ষেত্রে ১৬ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করলে মিলবে ৫০০ টাকার ফ্রি গ্যাস। এমনকি আবাসন প্রকল্পের ৬০ শতাংশের বেশি বাসিন্দা একসাথে পিএনজি সংযোগ নিলে অতিরিক্ত ১০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা থাকছে।
এমজিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আশু সিংঘল জানিয়েছেন, পিএনজি এবং সিএনজি সরবরাহ সম্পূর্ণ নিরবচ্ছিন্ন থাকবে। অনলাইন রেজিস্ট্রেশনে থাকছে ৫০০ টাকার তাৎক্ষণিক ছাড় এবং গ্যাস ব্যবহার না হলে ন্যূনতম মাশুল মকুবের সুবিধাও। এছাড়া বাণিজ্যক গ্রাহকদের জন্য রেজিস্ট্রেশন ফি পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। মুম্বাই, থানে, নভি মুম্বাই ও পার্শ্ববর্তী জেলাগুলোর পাশাপাশি কর্নাটকের বিভিন্ন এলাকায় পরিষেবা আরও উন্নত করতে বিশেষ পরিকাঠামো গড়ে তুলছে সংস্থাটি।

