বিবাহবিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে! এবার সরকারি কর্মীদের বেতনের ২০ শতাংশ কাটার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
আইনি বিবাহবিচ্ছেদ ছাড়া প্রথম স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করলে এবার কড়া শাস্তির মুখে পড়বেন আসামের সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এমন ক্ষেত্রে অভিযুক্ত কর্মীর বেতনের ২০ শতাংশ কেটে নেওয়া হবে। প্রথম স্ত্রীর আবেদনের ভিত্তিতে সেই অর্থ সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে সরকার। আইনি প্রক্রিয়া চলাকালীন প্রথম স্ত্রী যাতে চরম আর্থিক অনটনে না পড়েন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাও গ্রহণ করবে রাজ্য প্রশাসন।
একাধিক কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে সরকার। আসাম রাজ্যে ইতিমধ্যেই ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউসিসি এবং সরকারি চাকরির নিয়মের মাধ্যমে বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মহিলাদের অধিকার সুরক্ষায় এবার বেসরকারি ক্ষেত্রেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চালুর কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রশাসন। এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য হলো, দীর্ঘ আইনি জটিলতার সময়ে স্বামী-পরিত্যক্তা মহিলারা যেন কোনোভাবেই তাঁদের ন্যায্য আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হন।
