বিবাহিত ব্যক্তির লিভ-ইন সম্পর্ক কি বৈধ? এলাহাবাদ হাইকোর্টের রায়ে পরস্পরবিরোধী সুর – এবেলা
এবেলা ডেস্কঃ
বিবাহিত ব্যক্তিদের লিভ-ইন সম্পর্কের আইনি বৈধতা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চের পরস্পরবিরোধী পর্যবেক্ষণে আইনি মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনো বিবাহিত পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে অন্য কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। বিচারপতি জে জে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ স্পষ্ট করেন যে, ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে সামাজিক নৈতিকতা আইনের ঊর্ধ্বে হতে পারে না।
বিপরীত দিকে, মাত্র পাঁচ দিন আগে আদালতের একটি সিঙ্গল বেঞ্চ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছিল। বিচারপতি বিবেক কুমার সিং জানান, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ানো আইনত স্বীকৃত নয়। আদালত পর্যবেক্ষণ করে যে, ব্যক্তিগত স্বাধীনতা কখনোই সীমাহীন হতে পারে না এবং এটি অন্য কোনো ব্যক্তির (এক্ষেত্রে বৈধ জীবনসঙ্গী) আইনি অধিকারকে লঙ্ঘন করতে পারে না।
এই আইনি টানাপড়েনের ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে আদালত ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাপ্তবয়স্কদের সম্মতির ওপর গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে বৈবাহিক সম্পর্কের পবিত্রতা ও আইনি অধিকার রক্ষার কথা বলছে। পূর্ববর্তী ডিসেম্বরের রায়েও লিভ-ইন সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল। ফলে একই আদালতের ভিন্ন ভিন্ন বেঞ্চের এই বিপরীতমুখী অবস্থান বর্তমানে ভারতের বিচারিক দৃষ্টিভঙ্গি ও পারিবারিক আইনের ব্যাখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

