বিবেক অগ্নিহোত্রীর নতুন ধামাকা, পাহেলগাম ট্র্যাজেডি নিয়ে বড় পর্দায় আসছে ‘অপারেশন সিঁদুর’
গত বছরের পহেলগাম হামলার রক্তাক্ত স্মৃতি এবার বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যের পর তাঁর পরবর্তী বিগ বাজেট ছবির বিষয় হিসেবে উঠে আসছে ‘অপারেশন সিঁদুর’-এর নাম। টি-সিরিজের ভূষণ কুমার এবং বিবেকের নিজস্ব সংস্থা ‘আই অ্যাম বুদ্ধ’-এর যৌথ প্রযোজনায় এই সিনেমাটি নির্মিত হতে চলেছে।
ছবির মূল উপজীব্য জম্মু-কাশ্মীরের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হওয়া সেই নৃশংস হত্যাকাণ্ড। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জনপদ কীভাবে মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, সেই মর্মান্তিক ট্র্যাজেডিই হবে এই গল্পের মেরুদণ্ড। ২০২৫ সালের ২২ এপ্রিল ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার প্রেক্ষাপটকে অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
পাহেলগাম আক্রমণের পর ভারতীয় সশস্ত্র বাহিনীর শুরু করা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। যদিও ছবির কাস্ট বা শুটিংয়ের তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিবেক অগ্নিহোত্রী একটি বড় মাপের ‘জাতীয়তাবাদী প্রকল্প’ নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। সামরিক কৌশল ও জাতীয় নিরাপত্তার মিশেলে এই ছবিটি বলিউডে ফের নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

