বিমান পরিষেবায় বড় সিদ্ধান্ত: ৬০% আসন ফ্রি রাখার নির্দেশ ডিজিসিএ-র – এবেলা
এবেলা ডেস্কঃ
যাত্রীস্বার্থ রক্ষায় বিমান পরিষেবায় একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এখন থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০ শতাংশ আসন ‘ফ্রি’ বা অতিরিক্ত চার্জমুক্ত রাখতে হবে। টিকিটের বাইরে আসন নির্বাচনের নামে বাড়তি ‘হিডেন চার্জ’ বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, একই পিএনআর-ভুক্ত যাত্রীদের যথাসম্ভব পাশাপাশি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে।
নতুন নিয়মে উড়ান বিলম্ব, বাতিল বা বোর্ডিংয়ে বাধার ক্ষেত্রে যাত্রীদের অধিকার সুরক্ষিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই সংক্রান্ত তথ্যগুলো এয়ারলাইন্সের ওয়েবসাইট, অ্যাপ এবং বিমানবন্দর কাউন্টারে স্পষ্টভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক। এছাড়াও খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র বা পোষ্য বহনের ক্ষেত্রে স্বচ্ছ ও নির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিভ্রান্তি এড়াতে এই নিয়মগুলো সহজ ও যাত্রী-বান্ধব ভাষায় প্রকাশ করতে হবে।
পরিষেবায় স্বচ্ছতা আনতে যাত্রীদের অধিকার সংক্রান্ত তথ্যগুলো আঞ্চলিক ভাষায় প্রচারের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ সহজেই নিজেদের প্রাপ্য সুবিধা সম্পর্কে অবগত হতে পারবেন। নিরাপত্তা ও পরিচালনাগত শর্ত মেনে বিমান সংস্থাগুলোকে দ্রুত এই নির্দেশিকা বাস্তবায়নের কথা বলা হয়েছে। কেন্দ্রের এই হস্তক্ষেপে আকাশপথে যাতায়াত আরও সাশ্রয়ী এবং হয়রানিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

