বিমানে উঠে ঝটিকা গ্রেফতারির পর জামিন! ছাড়া পেয়েই কেন্দ্রকে হুঁশিয়ারি সিজেপি প্রধানের – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কর্মসূচি ঘিরে তৈরি হওয়া চরম উত্তেজনার রেশ এখনও অব্যাহত। শনিবার দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই পুলিশের হাতে আটক হন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রবিবার দিল্লির আদালত আগামী এক বছর কোনো অশান্তিমূলক কাজে যুক্ত না থাকার শর্তে তাঁদের জামিন মঞ্জুর করে। তবে পুলিশি হেফাজত থেকে মুক্ত হতেই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দেন অভিজিৎ দিপকে। কেন্দ্র সরকারকে ‘ভীতু’ ও ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ১০ অক্টোবর তারিখটি ইতিহাসে এই অত্যাচারী শাসনের পতনের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আটক থাকা অবস্থাতেই ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ায় গ্রামে রওনা হলেও আন্দোলন অব্যাহত রাখার কড়া বার্তা দিয়েছেন সিজেপি প্রধান। তাঁর অনুপস্থিতিতে সহ-প্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাংবাদিক বৈঠক করে পরবর্তী কর্মসূচি প্রকাশ করেন। ভোটার তালিকায় অনিয়ম ও এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে যন্তর মন্তরে আয়োজিত এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে গোটা দিল্লিতে ব্যাপক কড়াকড়ি করা হয়, এমনকি অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতৃত্বও আটক হন। সমস্ত নেতারা মুক্তি পেলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় সিদ্ধান্ত বজায় রেখেছে সিজেপি।
