বিয়ের অজুহাতেও মিলল না রেহাই! কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে বড় ধাক্কা খেলেন রাজপাল যাদব
৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড়সড় ধাক্কা খেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। দিল্লির উচ্চ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে তাঁকে। এমনকি পরিবারের বিয়ের অনুষ্ঠানের দোহাই দিয়েও আদালতের সহানুভূতি আদায় করতে পারেননি এই অভিনেতা। ঋণের টাকা পরিশোধে বারবার ব্যর্থ হওয়ায় আদালত তাঁর প্রতি কঠোর অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, ‘আতা পাতা লাপাতা’ ছবি তৈরির জন্য নেওয়া ৫ কোটি টাকা ঋণ সুদে-আসলে বিশাল আকার ধারণ করেছে। এর আগে ২০১৮ সালেও একই মামলায় জেল খাটতে হয়েছিল রাজপালকে। ৫ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করার পর নতুন করে জামিনের আর্জি জানালেও সোমবার পর্যন্ত তাঁর ঠিকানা জেলই থাকছে। এই কঠিন সময়ে বলিউডের কয়েকজন সহকর্মী তাঁকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

