বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের মামলা: সিঁথিতে সিঁদুর পরে এজলাসে তরুণী, স্বামীর মুক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার বড়তলা এলাকার এক তরুণীর দায়ের করা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের মামলায় নাটকীয় মোড় এল। সোমবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়ের এজলাসে বেনারসী ও সিঁথিতে সিঁদুর পরে নববধূর সাজে হাজির হন অভিযোগকারিণী। তিনি আদালতকে জানান যে, অভিযুক্ত যুবক এখন তাঁর স্বামী এবং তাঁরা বর্তমানে সুখে সংসার করছেন। নিজের বয়ান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তরুণী মামলার সমস্ত অভিযোগ প্রত্যাহার করে স্বামীর মুক্তি প্রার্থনা করেন।
২০২৫ সালের মার্চ মাসে দায়ের হওয়া এই মামলায় পুলিশ ইতিমদ্ধ্যে চার্জশিট জমা দিয়েছিল। এদিন চার্জ গঠনের শুনানিতে অভিযোগকারিণী সাফ জানিয়ে দেন, তিনি আর মামলাটি চালাতে ইচ্ছুক নন। তরুণীর প্রাথমিক সাক্ষ্য গ্রহণ এবং কেস ডায়েরির যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পর আদালত ২২ বছর বয়সী ওই যুবককে সসম্মানে বেকসুর খালাস করার নির্দেশ দেয়। রায় ঘোষণার পর দম্পতি বিচারককে প্রণাম জানিয়ে আদালত কক্ষ ত্যাগ করেন।
সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী জানান, আদালত নিয়ম মেনেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে, যুবকের আইনজীবী আশিসকুমার ঘোষ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। গত এক বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এই মিলনান্তক পরিণতি দেখতে এদিন আদালত চত্বরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আইনি জটিলতা কাটিয়ে দম্পতি এখন স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায়।

