বিয়ের প্রতিশ্রুতিতে ১০ বছর ধরে লাগাতার ধর্ষণ, কলকাতায় গ্রেপ্তার নামী প্রোমোটার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার এক অভিজাত ক্লাবে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে দীর্ঘ ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণ সরকার নামে এক প্রোমোটারকে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে অবিবাহিত দাবি করে ২০১৬ সালে একটি মন্দিরে তরুণীকে নকল বিয়ে করেন বলে অভিযোগ। এরপর থেকে ইএম বাইপাস ও পুরীর বিভিন্ন নামী হোটেলে নিয়ে গিয়ে তাঁকে একাধিকবার শারীরিক নিগ্রহ করা হয়।
নির্যাতিতার দাবি, অভিযুক্ত প্রোমোটার তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন এবং তাঁর আসাম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। এমনকি তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোরপূর্বক গর্ভপাত করানো হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। গত শনিবার রাতে টালিগঞ্জ মহিলা থানার পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রবিবার আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী প্রোমোটারের বিরুদ্ধে ধর্ষণের অকাট্য প্রমাণ পেশ করেন। অন্যদিকে, বিবাদী পক্ষ একে পারস্পরিক সম্মতি বলে দাবি করলেও আদালত সব দিক বিবেচনা করে ধৃতকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার নেপথ্যে থাকা আরও তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে।

