বিরল ক্যানসারে আক্রান্ত তরুণী, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম পরিবার! – এবেলা

এবেলা ডেস্কঃ
সাংবাদিক হওয়ার স্বপ্ন বুকে নিয়ে নেতাজি শতবার্ষিকী কলেজের সাংবাদিকতা বিভাগে ভরতি হয়েছিলেন কুড়ি বছরের পায়েল হালদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর সেই রঙিন দিনগুলো এখন ঘোর অন্ধকারে ঢাকা। অশোকনগরের এই তরুণী বর্তমানে র্যাবডোমায়োসারকোমা নামক এক বিরল ক্যানসারের সঙ্গে জীবনের কঠিন লড়াই লড়ছেন। ক্যানসারের জেরে তাঁর মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত হয়ে গিয়েছে, ক্ষীণ হয়ে আসছে চোখের দৃষ্টি এবং নাক বন্ধ থাকায় নিতে হচ্ছে অক্সিজেনের সাহায্য। একসময়ের প্রাণোচ্ছল এই ছাত্রী এখন সোফায় হেলান দিয়ে তরল খাবারের ভরসায় দিন কাটাচ্ছেন।
মেয়ের এমন মর্মান্তিক পরিস্থিতি দেখে দিশাহারা হয়ে পড়েছেন তাঁর বাবা পরেশচন্দ্র হালদার ও মা মিতালী হালদার। ছোটো ব্যবসায়ীর পক্ষে মেয়ের চিকিৎসার এই আকাশছোঁয়া খরচ বহন করা সম্পূর্ণ আসাম্ভব হয়ে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, পায়েলের জীবন বাঁচাতে প্রতি মাসে অন্তত দুই লক্ষ টাকার বিশেষ ইঞ্জেকশন প্রয়োজন। মেয়ের অমূল্য জীবন রক্ষা করতে এবং তাঁর সাংবাদিক হওয়ার স্বপ্ন টিকিয়ে রাখতে এখন সমাজের সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে এই পরিবার।
