বিরাট রদবদল! বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন প্লাস্টিকের নোট, জানাল RBI – এবেলা
July 18, 2026

এবেলা ডেস্কঃ
দৈনন্দিন কেনাকাটায় ১০ এবং ২০ টাকার নোটের ব্যবহার সবচেয়ে বেশি। কিন্তু বারবার হাতবদল হওয়ার কারণে কাগজের এই নোটগুলি দ্রুত ময়লা হয়ে যায় বা ছিঁড়ে যায়। ফলে অনেকেই এই ফাটা-ছেঁড়া নোট নিতে চান না। তবে সাধারণ মানুষের এই নিত্যদিনের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতীয়দের পকেটে জায়গা করে নেবে ১০ ও ২০ টাকার চকচকে প্লাস্টিক বা পলিমার নোট!
কবে থেকে বাজারে আসবে এই নোট?
- পাইলট প্রজেক্ট: সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছর থেকেই পরীক্ষামূলকভাবে (Pilot Project) ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট বাজারে ছাড়তে পারে আরবিআই।
- চূড়ান্ত ছাড়পত্র: প্রাথমিকভাবে এর ফলাফল খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষের রেসপন্স ভালো হলে এবং পরীক্ষা সফল হলে, ২০২৭ সাল থেকে দেশজুড়ে পাকাপাকিভাবে এই পলিমার নোট চালু হতে পারে।
নতুন নোটের বিশেষত্ব ও প্রস্তুতি:
- অত্যাধুনিক নিরাপত্তা: এই নোটে থাকবে ক্লিয়ার উইন্ডো, মেটালিক নিউমেরাল, ম্যাগনেটিক থ্রেড এবং শ্যাডো ইমেজের মতো উন্নত নিরাপত্তা ব্যবস্থা। যার ফলে এই নোট জাল করা কার্যত আসাম্ভব।
- অত্যন্ত টেকসই: কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি দিন টেকে। এই নোট সহজে ছিঁড়ে যায় না বা জলেও গলে না।
- টেন্ডার তলব: নোট ছাপানোর জন্য ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে ৬৮,০০০ রিম পলিমার শিট সরবরাহের আগ্রহপত্র (EoI) চেয়েছে আরবিআই। আগামী ১৮ অগাস্ট এই দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
জানা অজানা: ১৯৮৮ সালে বিশ্বে প্রথমবার প্লাস্টিকের নোট চালু করেছিল অস্ট্রেলিয়া। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোটের সফল ব্যবহার চলছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও।
