লেটেস্ট নিউজ

বিরাটদের ঘরের মাঠে ফেরা কি শুধুই স্বপ্ন? আইপিএল সূচি প্রকাশের পরেও চিন্নাস্বামীতে খেলা নিয়ে সংশয় কাটছে না – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুতে আইপিএলের উদ্বোধনী ম্যাচ হওয়ার ঘোষণা দিলেও ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করলেও চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হওয়া নিয়ে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটির সবুজ সংকেত পেলেই কেবল ঘরের মাঠে নামতে পারবেন আরসিবি তারকারা।

গত আইপিএল জয়ের পর বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই চিন্নাস্বামীতে সব ধরনের খেলাধুলা বন্ধ রাখা হয়েছে। এমনকি রঞ্জি ট্রফির ফাইনালও এই মাঠে আয়োজন করা সম্ভব হয়নি। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু সংস্কারের নির্দেশ দিয়েছিল প্রশাসন।

আগামী ১৩ মার্চ কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটি চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শনে যাবে। স্টেডিয়াম কর্তৃপক্ষ প্রস্তুতির খতিয়ান কমিটির সামনে তুলে ধরবে। পরিদর্শনের পর কমিটি যদি নিরাপত্তা ও সংস্কার কাজে সন্তুষ্ট হয়, তবেই সেখানে আইপিএল আয়োজনের চূড়ান্ত অনুমতি মিলবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামে বিধানসভা নির্বাচনের কারণে আপাতত আংশিক সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ১০টি শহরের তালিকায় বেঙ্গালুরুর নাম থাকলেও শেষ পর্যন্ত কোহলিরা ঘরের দর্শকদের সামনে খেলার সুযোগ পাবেন কি না, তা এখন ঝুলে রইল বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *