বিলুপ্ত হাসিনা আমলের র‍্যাব, তারেক রহমানের মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে জন্ম নিল ‘এসআরবি’! – এবেলা

বিলুপ্ত হাসিনা আমলের র‍্যাব, তারেক রহমানের মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে জন্ম নিল ‘এসআরবি’! – এবেলা

এবেলা ডেস্কঃ

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ঢাকার সচিবালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত সন্ত্রাসদমন বাহিনী ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র‌্যাব) বিলুপ্ত করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেওয়া পূর্বের নাম পরিবর্তনের প্রস্তাব বাতিল করে এখন এই বাহিনীর নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিজেদের একক কর্তৃত্ব সুনিশ্চিত করতেই তারেক সরকার এই প্রশাসনিক পরিবর্তন এনেছে।

সচিবালয় সূত্রের খবর, সদ্য অনুমোদিত আইনের খসড়ায় নতুন বাহিনীর জনবল, সমস্ত সম্পদ, ক্ষমতা ও তহবিল সরাসরি ‘এসআরবি’-র অধীনে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি সদস্যদের অভ্যন্তরীণ দাবি-দাওয়া নিষ্পত্তি ও সাধারণ নাগরিকদের অভিযোগ পর্যালোচনার জন্য একটি বহুপক্ষীয় কমিটি গঠন করা হবে। নতুন পূর্ণাঙ্গ বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র‍্যাবের বর্তমান কার্যধারা প্রয়োজনীয় পরিবর্তনসহ বহাল থাকবে। উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপি সরকারের আমলেই পুলিশ, সেনা ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে র‍্যাব গঠিত হলেও পরবর্তীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে বাহিনীটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *